যৌতুক না দেয়ায় জেসমিন খাতুন (২৬) নামে এক গৃহবধুকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার শ্বশুর-শাশুড়ীর বিরুদ্ধে। নিহত জেসমিন যশোরের কেশবপুর উপজেলার বরণডালী গ্রামের বজলু সানার মেয়ে।

সাতক্ষীরার পাটকেলঘাটার দাঁদপুর গ্রামে বুধবার ভোর রাতে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ ওই গ্রামের আবু মুসার স্ত্রী ও এক ছেলের জননী।

বজলু সানা জানান, তার জামাই আবু মুসা ফেনীর একটি ইটভাটায় কাজ করে। বাড়ীতে না থাকার সুযোগে শ্বশুর মহিদুল ইসলাম ও শাশুড়ী রাবেয়া খাতুন যৌতুকের দাবিতে প্রায়ই তার মেয়ে জেমমিনকে মারধর করত।

সম্প্রতি জেসমিন ৫০ হাজার টাকা যৌতুকের দাবির কথা তাকে (বাবাকে) বললেও অভাবের কারনে তিনি তা দিতে পারেননি। এরই জের ধরে বুধবার ভোররা তার শ্বশুর ও শাশুড়ী তাকে বেধড়ক মারপিট করে হত্যা করে।

পরে হত্যার ঘটনা ধামাচাপা দিতে জেসমিনকে শাড়ী পেচিয়ে ফ্যানের সাথে ঝুলিয়ে দেয়। সকালে পুলিশ খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠায়।

এ ব্যাপারে পাটকেলঘাটা থানার ওসি তরিকুল ইসলাম জানান, এটি হত্যা না আত্মহত্যা তা ময়না তদন্তের পর জানা যাবে।

এআর