পুলিশের বিরুদ্ধে অভিযোগ প্রতিষ্ঠার প্রচেষ্টা অনাকাঙ্খিত ও অনভিপ্রেত বলে মন্তব্য করেছেন পুলিশের আইজিপি এ কে এম শহীদুল হক।
গত ৫ জুলাই তারিখে আইজিপি এ কে এম শহীদুল হক সারাদেশ থেকে আগত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের নিয়ে রমজান এবং ঈদকে সামনে রেখে আইন-শৃংখলা এবং জননিরাপত্তা সংক্রান্ত বিষয়ে একটি সভা করেন।
সভায় সাংবাদিকদের প্রশ্নে জবাবে, আইজিপি কারো নাম উল্লেখ না করে বলেছেন “এদেশের সচেতন জনগণ জানেন কারা বাসে আগুন দিয়েছে , কারা পেট্রোল বোমা মেরেছে, কারা অনেক লোককে আগুন দিয়ে পুড়িয়ে মেরেছে, শতশত লোককে অগ্নিদগ্ধ করেছে, আহত করেছে।”
তিনি আরো বলেন, “ওই সময় বোমাবাজ এবং বাসে আগুন দেয়ার সময় বেশ কয়েকজনকে জনগণই আটক করেছে। তাদের কেউ কেউ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে।”
তিনি আরো বলেন “দায়িত্বশীল পদে অধিষ্ঠিত ব্যক্তির কাছে আমরা দায়িত্বশীল বক্তব্য প্রত্যাশা করি।পুলিশের ওপর যে অভিযোগ আনা হয়েছে তা দুঃখজনক। পুলিশ কোন ব্যক্তির নয়। পুলিশ রাষ্ট্রের ও জনগণের।
বাংলাদেশ পুলিশের মত একটি সুশৃঙ্খল পেশাদার বাহিনীর বিরুদ্ধে বোমাবাজি বা বাসে আগুন দেয়ার মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ খন্ডনের অধিকার এই বাহিনীর প্রত্যেকটি সদস্যের রয়েছে।
এসএইচ





