প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে দু’দেশের মধ্যে ২২টি চুক্তি ও ৪টি সমঝোতা স্মারক সই হয়েছে। এর মধ্যে প্রতিরক্ষা সরঞ্জাম কেনার বিষয়ে প্রায় ৪ হাজার কোটি টাকা সমমূল্যের ৫০ কোটি ডলারের চুক্তি হয়েছে।
আজ শনিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের পর দ্বিপক্ষীয় বৈঠকে এই চুক্তি হয়। চুক্তি শেষে যৌথ সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে থেকেই প্রতিরক্ষা আর সামরিক সরঞ্জাম কিনতে চুক্তি নিয়ে অনেক কথা হচ্ছে। বিশেষ করে বিএনপি নেতারা ভারতের সঙ্গে কোনো ধরনের প্রতিরক্ষা বা সামরিক চুক্তির বিরুদ্ধে কথা বলে আসছেন। তাদের দাবি, এই চুক্তি বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে দুর্বল করবে।
বৈঠক শেষে মোদি বলেন, বাংলাদেশের সামরিক সরঞ্জাম কেনার জন্য ৫০০ মিলিয়ন ডলারের ঋণচুক্তি হয়েছে। বাংলাদেশ তার অগ্রাধিকারের ভিত্তিতে এসব সরঞ্জাম সংগ্রহ করবে।
এই সফরে মোট ২২টি চুক্তি ও ৪টি সমঝোতা স্মারক সই হয়েছে। সাইবার নিরাপত্তা, পরমাণু বিদ্যুৎ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, স্যাটেলাইট ও মহাকাশ গবেষণা, ঋণ সহযোগিতা, প্রতিরক্ষা, বর্ডার হাট স্থাপন, কমিউনিটি ক্লিনিক স্থাপন এবং বিদ্যুৎ ও জ্বালানি ক্ষেত্রে সহযোগিতায় এগুলো সই হয়েছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গোপাল বাগলে।
এমবি





