ডিএনসিসি কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালে আজ রবিবার (২৩ অক্টোবর) থেকে ডেঙ্গুর চিকিৎসা শুরু হচ্ছে। ইতোমধ্যে ডেঙ্গু রোগীদের জন্য হাসপাতালটিতে চারটি ইউনিটে ১২ জন চিকিৎসককে তিন শিফটে দায়িত্ব দেওয়া হয়েছে।

গতকাল শনিবার (২২ অক্টোবর) রাত সাড়ে দশটার দিকে স্বাস্থ্য অধিদপ্তরের এক সভায় এই সিদ্ধান্ত হয়। অধিদপ্তরের একটি বিশ্বস্ত সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রাপ্ত তথ্যমতে, দেশে গত এক দিনে রেকর্ড ৯২২ ডেঙ্গু রোগীর হাসপাতালে ভর্তি হয়েছে। দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিন হাজার ৪০৪ জনে। গত ১৮ অক্টোবর ৯০০ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন। গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ১১২ জনের মৃত্যু হয়েছে।

এবিএস