কক্সবাজারের টেকনাফ উপজেলার সৈকত এলাকায় শুক্রবার ভোররাত সাড়ে তিনটার দিকে পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ তিনজন নিহত হয়েছে। পুলিশের দাবি, নিহত ব্যক্তিরা মানবপাচারকারী। পুলিশ বলছে, এ ঘটনায় আহত হয়েছে চার পুলিশ সদস্য।
নিহত ব্যক্তিরা হলেন ধলু হোসেন (৫৫), মো. জাহাঙ্গীর আলম (৩০) ও মো. জাফর আলম (২৫)।
টেকনাফ থানার ওসি মো. আতাউর রহমানের দাবি, নিহত ব্যক্তিরা পুলিশের তালিকাভুক্ত মানবপাচারকারী। টেকনাফ থানায় ধলু হোসেনের বিরুদ্ধে নয়টি, জাহাঙ্গীরের বিরুদ্ধে আটটি ও জাফরের বিরুদ্ধে দুটি মানবপাচারের মামলা রয়েছে।
ওসি মো. আতাউর রহমান খন্দকারের ভাষ্য, মানবপাচার হচ্ছে- এমন গোপন তথ্যের ভিত্তিতে টেকনাফ সদর ইউনিয়নের মহেশকালিয়াপাড়া সমুদ্রসৈকত এলাকায় গেলে পুলিশকে লক্ষ্য করে পাচারকারীরা কয়েকটি গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশ ৩০টি গুলি ছোড়ে। পরে ঘটনাস্থল থেকে তিনজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসা কর্মকর্তা তাঁদের মৃত ঘোষণা করেন।
ওসি বলেন, এ ঘটনায় তিনিসহ (আতাউর), পরিদর্শক (তদন্ত) কবির হোসেন, উপপরিদর্শক (এসআই) আবুল কালাম ও কনস্টেবল আব্দুল বারি আহত হয়েছেন। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
ঘটনাস্থল থেকে দুটি দেশীয় এলজি, ১০টি গুলির খোসা ও তিনটি তাজা গুলি উদ্ধারের দাবি করেছে পুলিশ।
এএইচ





