তিন বছরের শিশুপুত্রকে অস্ত্রের মুখে জিম্মি করে রাজধানীর ভাসানটেকে এক বাড়িতে ডাকাতি করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার ভোর রাতে ডাকাতির সময় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গৃহকর্তার মা নাসরিন বেগম (৫০) আহত হয়েছেন। তবে পুলিশ বলছে, এটা ডাকাতি নয়, চুরির ঘটনা।

গৃহকর্ত্রী ফাতেমা রোখসানা জানান, ভোর চারটার দিকে ভাসানটেকের পুরাতন কচুক্ষেতের ২২৬/২নং বাসায় হানা দেয় দুর্বৃত্তরা। চারতলা এই বাসার নিচ তলায় তারা ভাড়া থাকেন।

তিনি দাবি করেন, রান্না ঘরের জানালার গ্রিল কেটে চারজন দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করেন। এরা বয়সে সবাই যুবক। দুর্বৃত্তরা তার তিন বছরের শিশুপুত্র লাজিমকে অস্ত্রের মুখে জিম্মি করে দুই লাখ টাকা, তিন ভরি স্বর্ণালঙ্কার, দুটি মোবাইল নিয়ে চম্পট দেয়।

ফাতেমা রোখসানা জানান, এ সময় তার শাশুড়ি নাসরিন বেগমকে ছুরিকাঘাত করেন দুর্বৃত্তরা। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

ফাতেমা রোখসানার স্বামী কবির উদ্দিন সরকারি চাকরি করেন। এ সময় তিনিও বাড়িতে ছিলেন।

এ ব্যাপারে ভাসানটেক থানার অফিসার ইন চার্জ (ওসি) আবুল কালাম আজাদ জানান, এটা ডাকাতি নয়, চুরি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

কেএইচ