রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ব্যাপক নিরাপত্তামুলক প্রস্তুতি ও সতর্ক থাকার কারনে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিকঠাক আছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।

আসন্ন ঈদুল আযহা উপলক্ষে মঙ্গলবার দুপুরে রাজধানীর আফতাবনগরে বসা গরুর হাটটি পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

কমিশনার বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারির কারনে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রয়েছে। এই হাটটিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পর্যাপ্ত ফোর্স মোতায়েন করা হয়েছে। পোশাকের পাশাপাশি সাদা পোশাকের পুলিশও নজরদারী রাখছে। সিসিটিভি ও ওয়াচ টাওয়ারের মাধ্যমে হাটটিতে নজরদারী রাখছে পুলিশ।

এছাড়াও হাটে অতিরিক্ত হাসিল বা চাঁদাবাজির কোন অভিযোগ পাওয়া যায়নি। এ ধরনের কোন অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় অজ্ঞান ও মলম পার্টির বিষয়ে কমিশনার বলেন, ঈদ মৌসুমে অজ্ঞান-মলম পার্টির সদস্যদের তৎপরতা বেড়ে যায়। তাই তাদের তৎপরতা বন্ধে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। গত সাত দিনে অজ্ঞান-মলম পার্টির প্রায় ২০০ জন সদস্যকে আমরা গ্রেফতার করেছি। মঙ্গলবারও ২০ জনের মতো গ্রেফতার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে।

আফতাব নগরের হাটটি পরিদর্শন শেষে ডিএমপি কমিশনার রাজধানীর বসুন্ধরায় ৩০০ ফুট সড়কের হাট এবং খিলখেতের বনরুপা হাট এলাকা পরিদর্শন করবেন বলে জানা গেছে।

এমআর