যশোর শহরের লোন অফিসপাড়ার সদর পুলিশ ফাঁড়ির পাশেই একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।ডাকাতদল অস্ত্রের মুখে জিম্মি করে মৎস্য ব্যবসায়ী জিয়াউরের বাড়ি থেকে প্রায় ৩ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।
সোমাবার দিবাগত রাতে সেহরীর সময় এ ডাকাতির ঘটনা ঘটে।পুলিশ এ ঘটনায় জড়িত অভিযোগে ১২ জনকে আটক করেছে।
এরা হলেন, যশোর সদর উপজেলার খোজারহাট গ্রামের খায়রুল ইসলাম, মফিজুর রহমান, আব্দুর রহমান, মহাদেবপুর গ্রামের রাশেদুল ইসলাম, চুড়ামনকাটি এলাকার মাসুম বিল্লাহ, দৌলদিহি গ্রামের নাজমুল, রাসেল, বড় ভেকুটিয়া গ্রামের শুকচাঁদ, সুজলপুর গ্রামের আসাদুল ইসলাম, মিরা গ্রামের মানিক, মনিরামপুর উপজেলার মহাদেবপুর গ্রামের রেজাউল ইসলাম এবং বাহিরদিয়া গ্রামের রাসেল।
জিয়াউর রহমান জানিয়েছেন, মঙ্গলবার ভোরে ১৪ থেকে ১৫ জনের একদল ডাকাত জানালা ভেঙে ঘরের ভেতরে ঢুকে তাদের জিম্মি করে ৯৫ হাজার টাকা ও আড়াই ভরি ওজনের স্বর্ণালঙ্কারসহ ২ লাখ ৯৯ হাজার টাকার মালামাল নিয়ে যায়।
এ ঘটনায় মঙ্গলবার থানায় অভিযোগ দেওয়ার পর পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১২ জনকে আটক করে। এদের মধ্যে দু’জনকে সনাক্ত করেছে ঘটনার শিকার পরিবারের সদস্যরা। এ দুজন হলো, খায়রুল ও মফিজুর। এরা দু’জন ওই ভবনের তৃতীয় তলায় নির্মাণশ্রমিক হিসেবে কাজ করছিল।
যশোর কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সহিদুল ইসলাম জানান, দু’জনকে ডাকাতি মামলায় আটক দেখানো হয়েছে। বাকিদের জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আনা হয়েছে।
ঢাকা, ৮ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ





