বগুড়ার বউ বাজারে প্রকাশ্য দিবালোকে বাসায়ঢুকে গাবতলী উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক এম আর ইসলাম সুজাকে পিটিয়ে জখম করেছে সন্ত্রাসীরা।শুক্রবার দুপুর পৌনে একটার দিকে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে স্বেচ্ছাসেবক লীগের ক্যাডাররা তার ওপর হামলা করেছে বলে অভিযোগ করেছেন যুবলীগ নেতা সুজার স্ত্রী।

এলাকাবাসী জানায়, শুক্রবার দুপুর পৌনে একটার দিকে শহরের বউ বাজার এলাকায় ৭-৮ জন সন্ত্রাসী যুবলীগ নেতা সুজার বাসায় প্রবেশ করে এলোপাতাড়ি ভাবে মারধর করতে থাকে। বাসার লোকজন এগিয়ে এলে তাদেরকেও লাঞ্ছিত করে সন্ত্রাসীরা। একপর্যায়ে সন্ত্রাসীদের মারধরে সুজার নাক-মুখ ফেটে রক্ত বের হলে সন্ত্রাসীরা তাকে ফেলে রেখে চলে যায়।

তাকে দ্রুত মোহাম্মদ আলী হাসপাতালের জরুরি বিভাগে নেয়ার পর তার নাক ও মুখে বেশ কয়েকটি সেলাই দেয়া হয়েছে।

আহত যুবলীগ নেতা সুজার স্ত্রী মঞ্জু জানান, গাবতলীর দূর্গাহাটায় তার বাপের বাড়ির জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে বউ বাজার এলাকার ত্রাস স্বেচ্ছাসেবক লীগ ক্যাডার বাবর, বুলবুল, আসাদসহ ৭-৮ জন সন্ত্রাসী বাসায় ঢুকে তার স্বামীর ওপর হামলা চালায়।

এ বিষয়ে নারুলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ কালা চাঁদের সঙ্গে মোবাইলে যোগাযোগের চেষ্টা করলে ফোন বন্ধ পাওয়া যায়।

সদর থানার অফিসার ইন চার্জ (ওসি)ফায়জুর রহমান জানান, তিনি এবিষয়ে এখনো কিছু জানেন না।

কেএইচ