চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানাধীন জুবিলি রোড মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক থেকে পাঁচ লাখ টাকা উঠিয়ে আনার পথে পুলিশের সামনে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুর দুইটার দিকে এ ঘটনা ঘটে।
ছিনতাইয়ের কবলে পড়া শেখ রিফাত মাহমুদ রাহাত ও শেখ রিয়াজ মাহমুদ রাব্বি জানান, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক থেকে টাকা উঠিয়ে কাজীর দেউড়ির মোড়ের ব্র্যাক ব্যাংকে টাকাগুলো জমা দেওয়ার জন্যে আনার পথে ছিনতাইয়ের ঘটনা ঘটে। দূরত্ব কম দেখে তারা দুই ভাই রিকশায় করে আসছিলেন। লাভ লেনের মুখ পেরিয়ে বিমান অফিসের দিকে আসার পথে নেভালের মোড়ে একটি সিএনজি অটোরিকশা তাদের গতি রোধ করে। ওই সিএনজিতে চারজন আরোহী ছিলেন। তারা দুই ভাইকে মারধর করে টাকাগুলো ছিনিয়ে নেয়। এরপর দ্রুতগতিতে কাজীর দেউড়ির দিকে চলে যায়।
ছিনতাইয়ের সময় অনেক চিৎকার করলেও পুলিশের সহযোগিতা পাননি দাবি করে রাহাত বলেন, পুলিশের ভূমিকাটি ছিল রহস্যজনক। ছিনতাইকারীদের সঙ্গে ঝাপটাঝাপটির একপর্যায়ে আমি চিল্লাইছি। কিন্তু পুলিশ দূরে দাঁড়িয়ে ছিল। সাহায্যের হাত বাড়ায়নি।
রাহাত ইসলামিয়া ডিগ্রি কলেজ ও রাব্বি এমইএস কলেজের ছাত্র। টাকাগুলো তাদের বড় ভাই প্রবাসী ব্যবসায়ী এস মাহমুদ সাহেদের। চট্টেশ্বরী মোড় এলাকায় বাসা তাদের। ছিনতাইয়ের খবর পেয়েই কাজীর দেউড়ি মোড়ে ছুটে আসেন মাহমুদ সাহেদ। তিনি বলেন, আমি এখন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে যাচ্ছি। ব্যাংকের পরামর্শ অনুযায়ী আইনি ব্যবস্থা নেবো।
কাজীর দেউড়ি মোড়ে দায়িত্ব পালন করছিলেন ট্রাফিক সার্জেন্ট ছোটন তঞ্চঙ্গা। তিনি বলেন, আমি ভিকটিমকে পরামর্শ দিয়েছি কোতোয়ালি থানায় গিয়ে আইনি ব্যবস্থা নেওয়ার জন্যে।
এইচ ই





