রাজধানীর বাংলামোটরে বাস চাপায় এক রিকশা চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪জন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে, যাত্রাবাড়ি থেকে গাবতলীগামী একটি বাস ফার্মগেটের দিকে যাওয়ার পথে বাংলামোটর ওভারব্রিজের নিচে একটি রিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। আহত ৪জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নিহত ব্যক্তি রিকশার চালক। ওই রিকশার যাত্রীরাও আহত হয়েছেন। তবে তাদের পরিচয় পাওয়া যায়নি। ঘটনার পর উত্তেজিত জনতা বাসটিকে আটক করে আগুন ধরিয়ে দেয়।
খবর পেয়ে পুলিশ ও র্যাব সদস্যরা ঘটনাস্থলে যান। বাস চালককে আটক করা হয়। দমকল বাহিনীর কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণ করে। দূর্ঘটনার পর সড়কের এক পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।
এতে ফার্মগেট থেকে শাহবাগ পর্যন্ত সড়কে যানজট তৈরি হয়। রাত সোয়া ১০টায় আইন শৃঙ্খলা বাহিনীর চেষ্টায় সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
এমবি





