আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৮ জন আহত হয়েছেন। এসময় কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।
বৃহস্পতিবার রাতে বাগেরহাটের ফকিরহাট উপজেলার ডাকবাংলোর মোড় ও পুরাতন রেল স্টেশন এলাকায় দফায় দফায় এই সংঘর্ষ হয়।
আহতদের উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শমসের আলী জানান, ঘটনার পর এলকায় উত্তেজনা বিরাজ করায় ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আহতদের মধ্যে এনামুল, সোহাগ, দারা, ডলার, আরজু ও আলাউদ্দিনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ফকিরহাট থানার ওসি মো. শমসের আলী জানান, ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খান জাহিদ হাসান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি উপজেলা যুবলীগের সভাপতি শেখ হারুণ অর রশিদের সঙ্গে নিহত জাহিদের স্ত্রী ও সদর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান শিরীন আক্তারের বিরোধ চলছে।
এর জের ধরে সন্ধ্যায় ডাক বাংলোর মোড়ে হারুণের সমর্থক রুবেলের সঙ্গে শিরীনের সমর্থক শুভর কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তারা মারামারি শুরু করেন। এ খবর উভয়পক্ষের সমর্থকদের মধ্যে ছড়িয়ে পড়লে তারা ইটপাটকেল ও লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। দফায় দফায় চলা এ সংঘর্ষে উভয়পক্ষের ১৮ জন আহত হন।
জেএ





