রাজধানীর গুলিস্তান ট্রেড সেন্টারের সামনে পার্কিং করা গাড়িতে আগুন দিয়েছে অবরোধ সমর্থকরা। এ সময় পুলিশের গুলিতে আকরাম হোসেন (১৮) নামে এক যুবক আহত হয়।
শনিবার রাত সাড়ে ১১ টায় এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, জয়পুর পরিবহনে আগুন দেওয়ার পর স্থানীয়রা তা দেখে ঐ যুবককে ধাওয়া করে। পরে পুলিশ গুলি করলে ঐ যুবকের ডান পায়ে তা বিদ্ধ হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত পৌনে ১১টার দিকে গোলাপ শাহ’র মাজার সংলগ্ন এলাকায় চলন্ত বাসে আগুন ধরিয়ে দেয় অবরোধকারীরা। তবে আগুন দেওয়ার সঙ্গে সঙ্গেই নিভিয়ে ফেলে স্থানীয় জনতা। তাই এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোর্শেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
ইআর





