চট্টগ্রাম নগরীর কাজির দেউড়ি মোড়ের হোটেল জামানসহ ৪টি রেস্তোরাঁকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দায়ে এ শাস্তি দেয়া হয়। এছাড়া ওই এলাকার ফুটপাত থেকে ভাসমান দোকান উচ্ছেদ করা হয়েছে।
সোমবার দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন।
তিনি জানান, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দায়ে কাজির দেউড়ি এলাকার হোটেল জামান এন্ড বিরানী হাউজের মালিককে ১০ হাজার টাকা, ক্যাফে লায়লার মালিককে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া স্নোভা ও সেভ ইন নামে ২টি চাইনিজ রেস্তোঁরাকে ২ হাজার টাকা করে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রেস্তোঁরা দুটিতে আপত্তিকর অবস্থায় স্কুল কলেজের শিক্ষার্থীরা বসে থাকতে দেখা গেছে। রেস্তোঁরা দুটির মালিককে সতর্ক করা হয়েছে।
নাজিয়া শিরিন বলেন, কাজীর দেউড়ি এলাকায় ফুটপাত থেকে প্রায় ২৫টি ভাসমান দোকান উচ্ছেদ করা হয়েছে।
ঢাকা, ১৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ





