নাটোরের বড়াইগ্রামে পারিবারিক কলহের জের ধরে ফারদিন আহম্মেদ নামে ৫ বছরের এক শিশু সন্তানকে গলাটিপে হত্যার পর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন মা সেলিনা বেগম।
আজ সোমবার বেলা ১২টার দিকে উপজেলার চান্দাই ইউনিয়নের ভান্ডারদহ গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ দুটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পুলিশ ও চান্দাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান জানান, প্রায় সাত বছর আগে উপজেলার ভান্ডারদহ গ্রামের আব্দুল হালিমের মেয়ে সেলিনা বেগমের সঙ্গে একই গ্রামের আব্দুল হামিদের ছেলে আব্দুল আলীমের বিয়ে হয়।
বিয়ের পর তারা ঢাকায় বসবাস করতেন। বিয়ের তিন বছর পর তাদের ঘরে যমজ সন্তান ফারদিন ও তাহসিনের জন্ম হয়। সম্প্রতি তাদের পরিবারে আর্থিক সংকট দেখা দেওয়ায় এক সপ্তাহ আগে সেলিনা ও তার দুই সন্তানকে নাটোরের বড়াইগ্রামের ভান্ডারদহ গ্রামে রেখে যান আব্দুল আলীম।
তিনি জানান, আব্দুল আলীমের এই সিদ্ধান্তকে মেনে নিতে পারেনি সেলিনা বেগম। তাই তাদের মধ্যে কলহের সৃষ্টি হয়। এরই জের ধরে সোমবার ফারদিনকে গলাটিপে হত্যার পর সেলিনা বেগম গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।
এসএম





