ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম “দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস” জানিয়েছে, বাংলাদেশ ইতোমধ্যে সব ক্যাটাগরিতে ভারতীয় নাগরিকদের জন্য ভিসা দেওয়া শুরু করেছে। অন্যদিকে ভারতও আগামী কয়েক সপ্তাহের মধ্যে ধাপে ধাপে তাদের ভিসা পরিষেবা স্বাভাবিক করার পরিকল্পনা নিয়েছে।
সম্প্রতি ভারতের সফরে গিয়ে ভিসা ইস্যুকে অগ্রাধিকার দেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। কূটনৈতিক সূত্রগুলো বলছে, দুই দেশের মধ্যে জনগণের চলাচল স্বাভাবিক করতে এই পদক্ষেপকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
বর্তমানে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন ছাড়াও কলকাতা, আগরতলা, মুম্বাই ও চেন্নাই-এর ভিসা কেন্দ্রগুলো পূর্ণাঙ্গভাবে চালু রয়েছে।
দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ জানিয়েছেন, গত ডিসেম্বর মাসে সাময়িকভাবে বন্ধ থাকা ভিসা কার্যক্রম চলতি বছরের ফেব্রুয়ারি থেকে আবার চালু হয়। এর মধ্যে প্রায় ১৩ হাজার ভারতীয় নাগরিককে ব্যবসা, চিকিৎসা, পর্যটন ও পারিবারিক ভ্রমণের জন্য ভিসা দেওয়া হয়েছে।
বিশ্লেষকরা মনে করছেন, ভিসা কার্যক্রম স্বাভাবিক হলে দুই দেশের মধ্যে বাণিজ্য, পর্যটন ও শিক্ষা খাতে সহযোগিতা আরও বাড়বে। একইসঙ্গে জনগণের সরাসরি যোগাযোগ বৃদ্ধি পাবে, যা সামগ্রিক দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।
উল্লেখ্য, সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর দুই দেশের সম্পর্কে যে দূরত্ব তৈরি হয়েছিল, তা কাটিয়ে ওঠার অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
এস