মার্কিন কর্মকর্তাদের ভাষ্য, অবৈধ কর্মকাণ্ডে জড়িত এবং জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচিত বিদেশি নাগরিকদের লক্ষ্য করে এ পদক্ষেপ নেওয়া হচ্ছে। একই সঙ্গে ভিসাধারীদের যুক্তরাষ্ট্রের আইন মেনে চলার সতর্কবার্তাও দিয়েছে ওয়াশিংটন।
বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন পররাষ্ট্র দপ্তরের কনস্যুলারবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী মোরা নামদার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ভিসা বাতিলের এ তথ্য জানান।
পোস্টে তিনি লেখেন, ‘তিন লাখের বেশি ভিসা বাতিল করা হয়েছে, এ সংখ্যা আরও বাড়ছে। ভিসাধারীদের প্রতি আমাদের বার্তা স্পষ্ট—যুক্তরাষ্ট্রের আইন মেনে চলুন, অন্যথায় দেশটিতে ভ্রমণের সুযোগ হারাবেন।’
মোরা নামদার আরও বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর নেতৃত্বে যুক্তরাষ্ট্র ও দেশটির জনগণের নিরাপত্তাকে সব সময় সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
এ সময় নিজের পোস্টের সঙ্গে হোয়াইট হাউসের একটি পোস্টও যুক্ত করেন তিনি। সেখানে বলা হয়, ট্রাম্প প্রশাসন ইতিহাসের অন্য যেকোনো প্রশাসনের তুলনায় দ্রুতগতিতে বেশি ভিসা বাতিল করেছে।
এদিকে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগটও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ভিসা বাতিলের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, অবৈধ কর্মকাণ্ডে জড়িত কিংবা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি করেন—এমন বিদেশি নাগরিকদের ভিসা বাতিল করা হচ্ছে।
টমি পিগট বলেন, ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে অবস্থানরত কোনো বিদেশি নাগরিক আইন লঙ্ঘন করলে, জালিয়াতিতে জড়ালে কিংবা মার্কিন জাতীয় নিরাপত্তা দুর্বল করার চেষ্টা করলে তা কোনোভাবেই সহ্য করা হবে না।
এনএইচ















