ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া হুঁশিয়ারি করে বলেছেন, নির্বাচনকে সামনে রেখে যদি কেউ কোনো রকম অরাজকতা সৃষ্টির অপচেষ্টা করে, কঠোর হাতে তাদের দমন করব।
আজ (শনিবার) সকালে রাজধানীর সবুজবাগ থানার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং মাদকবিরোধী সমাবেশে ডিএমপি কমিশনার এ কথা বলেন।
আছাদুজ্জামান মিয়া বলেন, “এই ২০১৮ সালকে ঘিরে যদি কেউ কোনো রকম ২০১৩, ১৪, ১৫, ১৬-এর মতো অরাজকতা সৃষ্টির অপচেষ্টা করে, কঠোর হাতে তাদের দমন করব ইনশা আল্লাহ। কোনোভাবেই সেই বোমা সন্ত্রাস আর অগ্নিসন্ত্রাসের পুরনাবৃত্তি এই ঢাকার মাটিতে ঘটতে দেওয়া হবে না ইনশা আল্লাহ। ”
ডিএমপি কমিশনার বলেন,“আমরা আপনাদের পাশে আছি আমরা আপনাদের বেতনভোগী কর্মচারী, আমরা প্রজাতন্ত্রের কর্মচারী, আমরা আপনাদের পাশে আছি, আমরা থাকব।”
মাদকের বিরুদ্ধে সরকারের অবস্থান জিরো টলারেন্স জানিয়ে তিনি বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে পুলিশ নিরলস কাজ করে যাচ্ছে। এমনকি কোনো মাদক ব্যবসার সঙ্গে কোনো পুলিশ সদস্য জড়িত থাকলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ডিএমপি কমিশনার।
এমবি





