আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগের দু’পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষে একজন গুলিবিদ্ধসহ অন্তত ১০জন আহত হয়েছে। এসময় ব্যাপক ভাংচুর ও লুটপাট চালিয়ে একটি বসত বাড়িতে অগ্নিসংযোগ করে।
নোয়াখালীর সদর উপজেলার দাদপুর ইউনিয়নের খলিফারহাট বাজারে শুক্রবার দিবাগত রাত ৮টা থেকে গভীর রাত পর্যন্ত এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতরা হলেন, গুলিবিদ্ধ ব্যবসায়ী মো. সোহাগ (২৬), মুন্না (২৪) সহ ১০ জন। তাদেরকে নোয়াখালী আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে পূর্ব শত্রুতার জের ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগ নেতা জহির উদ্দিন ও শিপনের লোকজনের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষ শুরু হয়।
এসময় সংঘর্ষকারীরা বাজারের অন্তত ১০/১৫টি ব্যবসায়ী প্রতিষ্ঠান ভাংচুর করে। সংঘর্ষে গুলিবিদ্ধসহ উভয় পক্ষের অন্তত ১০জন আহত হয়েছে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য ও আওয়ামী লীগ নেতা জহির উদ্দিন অভিযোগ করে বলেন, আওয়ামী লীগের নামধারি সন্ত্রাসী শিপন, রাসেলের নেতৃত্বে ২০/২৫ জনের একদল সন্ত্রাসী তার ব্যবসা প্রতিষ্ঠান ও তার কার্যালয় হামলা চালায়।
কার্যালয়ে তাকে না পেয়ে পরে বাড়ীতে গিয়ে ব্যাপক ভাংচুর, বাড়ীর মহিলাদের লাঞ্চিত, অগ্নিসংযোগ করে এবং, ঘরে থাকা নগদ ১১ লাখ টাকা, ৫ ভরি স্বর্ণসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়।
সুধারাম মডেল থানার ওসি আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে রাতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এআর





