তীব্র স্রোতে বিপর্যস্ত হয়ে পড়েছে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের ফেরি সার্ভিস। ফলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলার পরিবহণ চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

নদী পাড় হতে না পেরে পাটুরিয়া ঘাটে আটকে আছে কয়েকশত যানবাহন। পরিস্থিতি নিয়ন্ত্রণে যানবাহন মালিকদের যমুনা সেতু ব্যবহারের জন্য অনুরোধ জানিয়েছেন ফেরি কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসি সূত্রে জানা গেছে, পানি বৃদ্ধির ফলে পদ্মায় প্রবল স্রোত দেখা দেয়ায় পাটুরিয়া-দৌলতদিয়া রুটে চলাচলকারী ফেরি স্বাভাবিক গতিতে চলতে পারছে না। স্রোতের মাত্রা তীব্র হওয়ায় পূর্ণাঙ্গ গতিতে ফেরি চালিয়েও স্বাভাবিক সময়ের চেয়ে তিন গুণ বেশি সময় লাগছে। এদিকে যান্ত্রিক ক্রটির কারণে বর্তমানে ৫টি ফেরি মেরামতে পাঠানো হয়েছে। এরমধ্যে রয়েছে ৩টি রো-রো ও ২টি কেটাইপ ফেরি। বর্তমানে এই রুটে ১৩টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। এদের মধ্যে রয়েছে ৬টি রো-রো, ৩টি কেটাইপ ও ৪টি ইউটিলিটি ফেরি।

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক জিল্লুর রহমান জানান, নদীতে পানি বৃদ্ধি আর মাওয়া-কাওরাকান্দি রুটে ফেরি সার্ভিস বন্ধ থাকায় পাটুরিয়ায় যানবাহনের প্রচন্ড চাপ পড়েছে। তাই ঘাটে যানজটের সৃষ্টি হচ্ছে। পারাপারে অতিরিক্ত সময়ের কারণে ফেরির ট্রিপ কমে গেছে।

এদিকে বিআইডব্লিউটিসি আরিচা এরিয়া অফিসের ডিজিএম শেখ মোহাম্মদ নাসিম জানান, তীব্র স্রোতের কারণে ফেরি পারাপার মারাত্মকভাবে বিঘ্নিত হওয়ায় পরিস্থিতি মোকাবিলায় যানবাহন মালিকদের আপাতত এই রুট ব্যবহার না করে বঙ্গবন্ধু সেতু ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

বুধবার ভোর থেকেই পাটুরিয়া ঘাটে যানবাহনের চাপ লক্ষ্য করা গেছে। সকাল ১০টা পর্যন্ত পাটুরিয়া ঘাটে প্রায় ৫শত ট্রাক ও শ’খানেক বাস পাড়ের অপেক্ষায় ছিল।

কেএইচ