আফ্রিকার দেশ মালিতে জঙ্গিদের গুলিতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত এক বাংলাদেশি নিহত ও আরও একজনের আহত হওয়ার খবর দিয়েছে কয়েকটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম।

একটি বার্তা সংস্থার বরাত দিয়ে বিজনেস ইনসাইডারের প্রতিবেদনে বলা হয়, সোমবার রাতে মালির রাজধানী বামাকোতে এ হামলার ঘটনা ঘটে।

বাংলাদেশের আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর বলছে সোমবার সন্ধ্যা সাতটায় বাংলাদেশ ট্রান্সপোর্ট কন্টিনজেন্ট এর একটি জীপ এর উপর সন্ত্রাসীরা অতর্কিত গুলি চালায়।

হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক শ্রী নীলকান্ত হাজং নিহত হয়েছেন। আহত সৈনিক সিরাজুল ইসলাম বর্তমানে বামাকো শহরের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

মালির নিরাপত্তা বাহিনীর এক কর্মকর্তাকে উদ্ধৃত করে ওই বার্তা সংস্থা জানায়, কয়েকজন বন্দুকধারী জাতিসংঘের গাড়িতে থাকা দুই শান্তিরক্ষীর ওপর গুলি চালালে একজন নিহত হন এবং আরেকজন গুরুতর আহত হন।

মালির নিরাপত্তা বাহিনীর বরাত দিয়ে খবরে আরও বলা হয়েছে, অজ্ঞাত বন্দুকধারীদের হামলার সময় তারা জাতিসংঘের গাড়িতে ছিলেন। এটি একটি সন্ত্রাসী কাজ বলে মনে করা হচ্ছে। এ ধরনের হামলাকারীরা শান্তি প্রতিষ্ঠার শত্রু।

মালিতে ২০১৩ সালে শান্তি রক্ষা মিশন শুরু করে জাতিসংঘ। এ পর্যন্ত সেদেশে ৪০ জন শান্তিরক্ষী নিহত হয়েছেন। এমআইএনইউএসএমএ মনে করছে, বিশ্বের যেসব দেশে শান্তিরক্ষা মিশন রয়েছে তার মধ্যে এটি ভয়ংকর।

এএইচ