সাভারের ধামরাইয়ে ট্রাক ও প্রাইভেটকারের মধ্যে সংঘর্ষে আহত আরও দুজন মারা গেছে। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ জনে। বিশ্ব ইজতেমায় যোগ দিতে যাওয়া যশোরের বাসিন্দা এই ৬ মুসল্লি নিহত হলো।

শুক্রবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের জয়পুরা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে চার জন এবং পরে হাসপাতালে আহত দুজন মারা যান। নিহতরা হলেন- যশোর শহরের বকচর হুশতলা এলাকার মটরপার্টস ব্যবসায়ী নাজিম উদ্দিন (৩৫), একই এলাকার মৃত মোশাররফ হোসেনের ছেলে রইজুল ইসলাম (২৮), মৃত শাহাবুদ্দিন মোল্ল্যার ছেলে নাসির উদ্দিন মোল্ল্যা (৪০০, প্রাইভেটকারের ড্রাইভার যশোর সদরের রূপদিয়া-মাহিদিয়া এলাকার রেজওয়ান (৩০), শহরের বেজপাড়া বুনোপাড়ার বাসিন্দা আবদুর রহিম (৩৫) ও শহরের আরএনরোড রাঙ্গামাটি গ্যারেজ এলাকার মুরাদ হোসেন (৩২)।

নিহত নাসির উদ্দিনের ভগ্নিপতি আসাদুজ্জামান জানান, শুক্রবার ভোর ৪টা দিকে চালকসহ ৬জন বিশ্ব ইজতেমায় অংশ নিতে যশোর থেকে একটি প্রাইভেটকারে রওনা হন। সকাল ৮ টার দিকে প্রাইভেটকারটি ঢাকা-আরিচা মহাসড়কের জয়পুরা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে থেমে থাকা একটি মিনিবাসকে অতিক্রম করতে গেলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে গেলে গাড়ির ভেতরে থাকা তিন মুসল্লি রইসুল, নাজিম, নাসির ও ড্রাইভার ঘটনাস্থলেই মারা যান। আহত হন রহিম ও মুরাদ।
জুমার নাজামের পরে আহত দুজনও চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

এ ব্যাপারে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্ত শেষে তাদের স্বজনদের কাছে দেয়া হয়েছে। স্বজনরা মরদেহ নিয়ে যশোরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন।

জেআই