চট্টগ্রামে কিশোরিকে ধর্ষণের দায়ে শফিকুল আলম নামে একজনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত। একই রায়ে আদালত তাকে ১৫ হাজার টাকা অর্থদন্ডও দিয়েছেন।
মঙ্গলবার চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো.রেজাউল করিম এ রায় দিয়েছেন।
দন্ডিত আসামি শফিকুল ইসলাম বোয়ালখালী উপজেলার মধ্যম কড়লডেঙ্গা গ্রামের আব্দুল মালেকের ছেলে। ঘটনার পর তাকে গ্রেফাতার করেছিল পুলিশ। জামিনে মুক্ত হওয়ার পর বর্তমানে সে পলাতক আছে।
ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট জেসমিন আক্তার বলেন, আসামির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ ধারায় রাষ্ট্রপক্ষে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ হওয়ায় আদালত যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন।
ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে, বোয়ালখালীর মধ্যম কড়লডেঙ্গা গ্রামের এক কিশোরি ২০০০ সালের ১৮ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কড়লডেঙ্গা পাহাড়ে গরু আনতে যায়। কিন্তু যথাস্থানে গরু না পেয়ে শফিকুলকে এ বিষয়ে জিজ্ঞেস করে ওই কিশোরি। শফিকুল পাহাড়ে কৃষিকাজ করছিল। শফিকুল তাকে জানায়, পাহাড়ের ভেতরে গরুটিকে সে দেখেছে।
শফিকুলের কথামত গরু আনতে কিশোরি পাহাড়ের ভেতরে যায়। এসময় শফিকুল নির্জন পাহাড়ের ভেতরে কিশোরিকে ধর্ষণ করে। এ ঘটনায় ১৯ অক্টোবর বোয়ালখালী থানায় শফিকুলকে আসামি করে একটি মামলা দায়ের করেন কিশোরির বাবা।
পুলিশ তদন্ত করে ২০০১ সালের ২২ জানুয়ারি শফিকুলের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। একই বছরের ১৬ আগস্ট আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। অভিযোপত্রে উল্লিখিত ১০ জন সাক্ষীর মধ্যে ৬ জনের সাক্ষ্যগ্রহণের ভিত্তিতে ট্রাইব্যুনাল রায় দেন।
কেএইচ





