হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি আবুল খায়ের গোলাপ।

পঞ্চম ধাপের নির্বাচনের জন্য তাকে এ মনোনয়ন দেওয়া হয়েছে। আন্তজার্তিক অপরাধ ট্রাইব্যুনাল সূত্রে এ তথ্য জানা গেছে। আবুল খায়ের গোলাপ গজনাইপুর ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি।

ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেন, আবুল খায়ের গোলাপের বিরুদ্ধে মানবতাবিরোধী অপধাধের তদন্ত শুরু করেছে তদন্ত সংস্থা।

তিনি বলেন, ‘চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি থেকে তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। যার দায়িত্বে রয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত কর্মকর্তা মো. নুর হোসেন।

এই পর্যায়ে তাকে আওয়ামী লীগের মনোয়নয়ন দেওয়ায় তদন্তে ব্যাঘাত ঘটবে বলে মনে করেন রাষ্ট্রপক্ষের এ আইনজীবী।

এদিকে আবুল খায়েরের একটি ঘনিষ্ঠ সূত্র বলছে, স্বাধীনতার পর থেকেই তিনি আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত। তার বিপক্ষের একটি গ্রুপ জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে যুদ্ধকালে ধর্ষণের অভিযোগ এনে ওই মামলা দায়ের করেছে।

এমই