পোল্যান্ডের সঙ্গে গোলশূন্য ড্র করেছে তিনবারের ইউরোপ সেরা জার্মানি। ফলে শেষ ষোলোর জন্য জার্মানির অপেক্ষা বাড়ল।
ফ্রান্সে অনুষ্ঠিত ইউরো-২০১৬'র 'সি' গ্রুপে বৃহস্পতিবার পোল্যান্ডের ডিফেন্সের কাছে হার মানে জার্মানির গতিময় ফুটবল।
অথচ জার্মানির শুরুটা হতে পারতো দুর্দান্ত; ম্যাচের চতুর্থ মিনিটেই দলকে এগিয়ে দেয়ার সুযোগ পেয়েছিলেন মারিও গোটসে। কিন্তু জুলিয়ান ড্রাক্সলারের ক্রস তার মাথা ছুঁইয়ে ক্রসবারের উপর দিয়ে চলে যায়।
এরপর ১৬ মিনিটে টমাস মুলারের বাড়ানো বলে যেখানে পা ছোঁয়ালেই গোল হয়, সেটি করতে ব্যর্থ হন টনি ক্রুস।
দ্বিতীয়ার্ধে এসে অবশ্য ঘুরে দাঁড়ায় পোল্যান্ড। প্রথম মিনিটেই ম্যাচের সবচেয়ে সহজ সুযোগটা হাতছাড়া করে তারা। কামিল গ্রোসিচকির গোলমুখে বাড়ানো দারুণ এক ক্রস ফাঁকায় পেয়েও মাথা ছোঁয়াতে ব্যর্থ হন ফরোয়ার্ড মিলিক।
বাকি সময়ে দুদল একাধিক সুযোগ পেলেও কাজে লাগাতে ব্যর্থ হয়। ফলে গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছাড়ে দুদল। এ ড্রয়ে দুদলের পয়েন্ট দাঁড়াল সমান ৪।
ম্যাচে ৬৯ শতাংশ বলের দখল রাখে জোয়াকিম লোর শিষ্যরা। কিন্তু অ্যাডাম নোয়ালকার শিষ্যদের রক্ষণে গিয়ে বারবার আটকে গেছে জার্মানি।
এদিকে ইউরো ফুটবলে ইউক্রেনকে ২-০ গোলে হারিয়ে নকআউট রাউন্ডের লড়াইয়ে টিকে থাকলো নর্দার্ন আয়ারল্যান্ড।
'সি' গ্রুপে ইউক্রেন ও নর্দার্ন আয়ারল্যান্ডের ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। দ্বিতীয়ার্ধের ৪৮ মিনিটে ম্যাকআউলির গোলে এগিয়ে যায় নর্দার্নরা। আর ইনজুরি টাইমের শেষ মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে গোল করে নর্দার্ন আয়ারল্যান্ডের ২-০’র জয় নিশ্চিত করেন ম্যাকগিন।
প্রথম ম্যাচে পোল্যান্ডের কাছে হারা আয়ারল্যান্ড এই জয়ে ৩ পয়েন্ট নিয়ে টিকে রইল লড়াইয়ে। অন্যদিকে টানা দুই ম্যাচ হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায়ের পথে ইউক্রেন।
এআই





