প্রবল বর্ষণে জলাবদ্ধ হয়ে পড়েছে রাজধানী ঢাকা। নগরীর জীবনযাত্রায় নেমে এসেছে অসহনীয় ভোগান্তি।
শনিবার সকাল ১০টার পর থেকে শুরু হওয়া বৃষ্টিতে রাজধানীর প্রধান সড়কগুলোতে পানি জমে গেছে। বৃষ্টির কারণে যানবাহন সঙ্কটে পড়ে ভোগান্তির শিকার হন অফিসগামী লোকজন।
রামপুরা, বাড্ডা, শান্তিনগর, শাহজাহানপুর, মালিবাগ, মৌচাক, মিরপুর, পল্টন, নিউমার্কেট ও ধানমন্ডি এলাকার রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে।
রাজপথে হাঁটু পানির কারণে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। রাস্তায় বড় বড় গর্ত সৃষ্টি হওয়ায় রিকশা নিয়েও চলাচল কঠিন হয়ে পড়েছে।
রাজপথ থেকে অলিগলি সবখানেই রাস্তার বেহাল দশা। সংস্কারের অভাবে কোথাও কোথাও রাস্তা পরিণত হয়েছে ড্রেনে। তবে রাজপথ থেকে রাজধানীর অলিগলির চিত্র খুবই করুণ। বৃষ্টিপাত হলে নগরীবাসীর দুর্ভোগের মাত্রা যেন কয়েকগুণ বেড়ে যায়। রাস্তার ওপর জমে থাকা বৃষ্টির পানিতে পা রাখতে গিয়ে অজান্তেই গর্তে পড়তে হয় পথচারীদের।
ঢাকা. ৫ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেএ





