জামালপুরের সরিষাবাড়ীতে বকেয়া বেতন-বোনাসের দাবিতে সরিষাবাড়ী-ঢাকা সড়ক অবরোধ করে রেখেছেন পাটকলের শ্রমিকেরা। আজ বৃহস্পতিবার বেলা ১১টা থেকে উপজেলার আলহাজ পাটকলের শ্রমিকেরা সড়ক অবরোধ করেন।
শ্রমিকেরা গাড়ির টায়ার জ্বেলে ও গাছের গুঁড়ি ফেলে রাস্তা অবরোধ করেন। প্রায় প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে এক হাজারের মতো শ্রমিক অবস্থান নিয়েছেন। এতে দুপাশে যানচলাচল বন্ধ হয়ে লম্বা যানজটের সৃষ্টি হয়েছে।
শ্রমিকেরা বলছেন, ১৮ দিনের বকেয়া বেতন না দিয়ে গত ২১ জুলাই কারখানা বন্ধ করে দেয় মালিকপক্ষ। কারখানাটিতে প্রায় তিন হাজার শ্রমিক কাজ করেন। তাঁরা ওই বকেয়া বেতন ও ঈদের বোনাস না দেওয়া পর্যন্ত সড়ক ছেড়ে যাবেন না।
আলহাজ পাটকলের শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বলেন, শ্রমিকদের বকেয়া বেতন ও বোনাস না দেওয়া পর্যন্ত রাস্তা অবরোধ অব্যাহত থাকবে।
সরিষাবাড়ী থানার ওসি মাজেদুর রহমান বলেন, মালিকপক্ষের সঙ্গে কথা চলছে। শ্রমিকেরা রাস্তা অবরোধ করে রেখেছেন।





