রাজধানীর কাওরান বাজারের বিএসইসি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট আগুন নিভানোর কাজ করছে। তবে বেলা ১২ ৩৬ মিনিটে এ রিপোর্ট লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রন করা সম্ভব হয়নি।

আজ শুক্রবার দুপুর ১১ টা ৫০ মিনিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দৈনিক আমার দেশ পত্রিকার অফিস থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা যায়।

ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা সাংবাদিকদের জানান, যথেষ্ট আন্তরিকার  সঙ্গে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে। নিয়ন্ত্রণ অভিযানের প্রথমে ভবনে কেউ আটকা পড়েছে কী না সেটা দেখা হচ্ছে। প্রচণ্ড ধোয়ার কারণে কাজ করতে কষ্ট হচ্ছে।

ওই ভবনের ১২ তলায় এনটিভির অফিসও রয়েছে। সাত তলায় রয়েছে আরটিভি।

শেষ খবর পাওয়া পর্যন্ত কি পরিমাণ ক্ষতি হয়েছে তা সঠিকভাবে জানা যায়নি। আগুনের সূত্রপাতের কারণও জানাতে পারেননি কেউ। 

দৈনিক আমার দেশ পত্রিকার সিনিয়র রিপোর্টার মাহমুদা ডলি জানিয়েছেন, শুক্রবার দৈনিক আমার দেশ পত্রিকার কার্যালয় পরিবর্তন করে গুলশানের নিকেতনে নেয়ার কথা ছিল। এ জন্য পত্রিকাটির গুরুত্ব কাগজপত্র ও মালামাল গতকালই গুছিয়ে রাখা হয়েছিল। 

এক প্রত্যক্ষদর্শী জানান, শুক্রবার হওয়ায় ভবনের অধিকাংশ অফিস বন্ধ ছিলো। শুধুমাত্র গণমাধ্যম অফিসগুলোর কর্মীরা ছিলেন। তবে ভবনের ওপরের ফ্লরে আগুন লাগায় অধিকাংশ কর্মীরাই বের হয়ে আসতে পেরেছেন বলে অনুমান করেছেন তিনি।  

এসএইচ, জেএ