নিখোঁজের প্রায় দেড় বছরপর সাবেক র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান ফিরে এসেছেন।

গতকাল (২১ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে রাজধানীর নিজ বাসায় ফেরেন তিনি। হাসিনুর রহমান র‌্যাবের একটি ব্যাটালিয়নের অধিনায়ক ছিলেন।

তার স্ত্রী শামীমা আক্তার বিষয়টি নিশ্চিত করে জানান, হাসিনুর গতকাল (২১ ফেব্রুয়ারি) রাত ১২টার পর বাসায় ফিরে এসেছেন। দারোয়ানের কাছ থেকে খবর পেয়ে আমরা তাকে নিচ থেকে বাসায় নিয়ে আসি। এতোদিন তিনি কোথায় ছিলেন, কীভাবে ছিলেন কিছুই বলতে পারছেন না। আমরা তাৎক্ষণিকভাবে তাকে আর কিছু জিজ্ঞাসা করিনি।

শামীমা আক্তার আরও বলেন, তার কথাবার্তা অসংলগ্ন। তিনি ফিরে এসেছেন এতেই আমরা অনেক খুশি।  হাসিনুরকে আজ চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

শনিবার (২২ ফেব্রুয়ারি) পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, “শুক্রবার রাতে হাসিনুরের স্ত্রী শামীমা আক্তার আমাকে ফোন দেয়। হাসিনুর সুস্থ আছেন বলে জানিয়েছেন। তবে তার চিকিৎসা প্রয়োজন বলে তার পরিবারের লোকজন জানিয়েছেন। তাই হাসিনুরকে চিকিৎসকের কাছে নিয়ে গেছেন।”

উল্লেখ্য, ২০১৮ সালের ০৮ আগস্ট থেকে নিখোঁজ ছিলেন হাসিনুর। ওইদিন রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর মিরপুরের ডিওএইচএস এলাকা থেকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে কয়েকজন লোক তাকে গাড়িতে তুলে নিয়ে যায় বলে অভিযোগ করে পরিবার।

এমবি