ব্রহ্মপুত্রের ছোবলে নদী ভাঙনের কবলে শেরপুর সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের কুলুরচর, ব্যাপারীপাড়া, ভাগলদী, চুনিয়ারচর, ডাকপাড়া ও কামারেরচবাসী।
এলাকাবাসী হারিয়েছে বসতঘর, বদলেছে ঠিকানা। অনেকেই নিঃস্ব হয়ে ঘুরছে পথে পথে।

ব্রহ্মপুত্রের ভয়াল ছোবলে গত এক সপ্তাহের ব্যবধানে শতাধিক ঘর-বাড়ি বিলীন হয়েছে নদীগর্ভে। আশঙ্কায় রয়েছেন সহস্রাধিক মানুষ।

চরপক্ষীমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আকবর আলী বলেন, গত এক সপ্তাহ ধরে নদীর পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে নদী ভাঙনের মাত্রাও বেড়েছে। এতে ৫টি গ্রামের শতাধিক ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। এসব লোক এখন আশ্রয় নিয়েছে অন্যত্র। বন্যায় প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা।

জেলা কৃষি সম্প্রাসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সুভাষ চন্দ্র দেবনাথ জানান, বন্যা ও পাহাড়ি ঢালে পাঁচটি উপজেলার প্রায় চার হাজার হেক্টর জমির আমন ক্ষেত ও ১৭ হেক্টর জমির সবজি ক্ষেত পানিতে তলিয়ে গেছে।

নদী ভাঙন কবলিত এলাকার লোকজন জানান, এভাবে নদী ভাঙন চলতে থাকলে অচিরেই বদলে যাবে এলাকার মানচিত্র। খুঁজতে হবে নতুন ঠিকানা।

ঢাকা, ২৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই