কাল ঈদ। প্রায় খালি ঢাকা। ঈদুল আজহাকে কেন্দ্র করে এখনও নাড়ির টানে বাড়ি ফিরছে মানুষ।
আজ (১১ আগস্ট) রোববার ভোর থেকে শুরু হয়েছে শেষ মুহূর্তের ব্যস্ততা। প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে শত বাধা উপেক্ষা করে চলেছেন তাঁরা।
গত দু’দিনে অনেক মানুষ রাজধানী ছেড়ে গেছেন। সেই ধারা অব্যাহত আছে আজও। যাঁরা নানা কারণে গত তিন দিন যাত্রা করেননি, মূলত তাঁরাই আজকে ঢাকা ছেড়ে যাচ্ছেন।
রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে সকালে দেখা যায়, সেখানে গত দু’দিনের তুলনায় ভিড় একটু কম। তবে টার্মিনালে প্রবেশ করেই ঈদের আমেজ টের পাওয়া যাচ্ছিল।
লঞ্চগুলোতে ছিল মানুষের উপচেপড়া ভিড়। ভোর থেকেই মানুষ লঞ্চে নিজের জায়গা পেতে ব্যস্ত সময় পার করছে। যাঁরা জায়গা পেয়েছেন, তাঁরা এখন অপেক্ষা করছেন লঞ্চ ছাড়ার।
এসব লঞ্চে তিল ধারণের জায়গা নেই। ঘাটে থাকা এমডি ফারহান, সুরভি-৮ ও পারাবত-১০ লঞ্চ কর্তৃপক্ষ জানিয়েছে, সকাল ৯টার পর থেকে এসব লঞ্চ ছেড়ে যাবে।
এখান থেকে মূলত বরিশাল, ভোলা, পটুয়াখালী, ঝালকাঠি, চাঁদপুর, শরীয়তপুর, বরগুনাসহ দক্ষিণাঞ্চলের লঞ্চগুলো ছেড়ে যাচ্ছে।
এমবি





