ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডে জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় মো. ইউনুস (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে এই ঘটনা ঘটে। ইউনুস ওই এলাকার মৃত মুকবুল আহাম্মদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ইউনুসের সঙ্গে দীর্ঘদিন যাবৎ স্থানীয় শরীফ সর্দার বাড়ির লোকজনের জমিসংক্রান্ত বিরোধ চলছিল।
আজ সকালে ইউনুস তার জমিতে জমে যাওয়া পানি সরাতে গেলে শরীফ সর্দার বাড়ির লোকজনের সঙ্গে বাগবিতণ্ডা হয়। এ সময় তারা ইউনুসকে লাঠি দিয়ে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে ভোলা সদর থানায় অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল কবির জানান, এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এমএনজে





