বন ও পরিবেশ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, 'সুন্দরবনে বারবার আগুন লাগার পেছনে মধু আহরণকারীরা দায়ী।' মধু আহরণ করার সময় তারা এ আগুন লাগাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

প্যারিসে অনুষ্ঠিত বিশ্ব জলবায়ু সম্মেলন শেষে বৃহস্পতিবার দেশে ফিরে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, 'সুন্দরবনে মধু আহরণ করতে গিয়ে কৌশল হিসেবে আগুন জ্বালানো হয়। এখন শুষ্ক মৌসুমে বনের ঝরা পাতাগুলো আরো বেশি শুষ্ক থাকে। একারণে এই শুষ্ক মৌসুমে সুন্দরবনে বারবার আগুন লাগছে।'

'সুন্দরবনের ওপর জীবিকা নির্ভর মানুষদের নিয়ন্ত্রণ করা খুব কঠিন।' উল্লেখ করে মন্ত্রী বলেন, 'সুন্দরবন রক্ষায় তাদেরকে বেশি সচেতন করতে হবে।' সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বন ও পরিবেশ মন্ত্রী বলেন, 'সুন্দরবনে মধু আহরণকারীদের বিরুদ্ধে খুব শিগগিরই অভিযান চালানো হবে।'

অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী সাংবাদিকদের বলেন, 'বিশ্বের দেশগুলো বৈশ্বিক তাপমাত্রা ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখার বিষয়ে চুক্তিবদ্ব হয়েছে। এলক্ষ্যে সারা বিশ্বের দেশগুলোর জন্য ১ বিলিয়ন ডলার তহবিল গঠন করা হয়েছে। এ তহবিলের আওতায় বিভিন্ন প্রকল্প অনুযায়ী সহযোগিতা পাবে বাংলাদেশ। পৃথিবীতে উষ্ণায়ন বৃদ্ধি পাচ্ছে। এতে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। ক্ষতিগ্রস্ত দেশগুলোকে প্রতিবছর ১ বিলিয়ন ডলার করে প্রদান করা হবে।'

ইআর