গাজীপুরে সমাবেশের দিন ১৪৪ ধারা জারির প্রতিবাদে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের ডাকে হরতাল চলাকালে ঝালকাঠির নলছিটিতে একটি বাসে আগুন দিয়েছে পিকেটাররা। তবে এ সময় বাসে কোন যাত্রী না থাকায় হতহতের ঘটনা ঘটেনি।
সোমবার সকালে উপজেলার রায়াপুর বটতলা নামক স্থানে আঞ্চলিক মহাসড়কের পাশে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ঝালকাঠি-বরিশাল আঞ্চলিক মহাসড়কের পাশে বাসটি দাঁড়িয়ে ছিল। এ সময় বাসটিতে আগুন দেয় পিকেটাররা। তবে এতে কেউ হতাহত হয়নি।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই বাসটি পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি।
জেলার রাজাপুর-নলছিটিসহ ১৪টি রুটের দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকলেও অভ্যন্তরীণ রুটে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি।
জেআই





