হবিগঞ্জে হত্যা মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে রেল পুলিশ। সদর উপজেলার নছরপুর রেলগেইট এলাকা থেকে সোমবার রাতে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, জেলার মাধবপুর উপজেলার বেঙ্গাডুবার বাসিন্দা আব্দুর রাজ্জাকের ছেলে মো. শাহজাহান মিয়া (৩৫) ও একই এলাকার মৃত আব্দুস সাত্তারের ছেলে কাজল মিয়া (২০)।

শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই আবুল হাসেম খোন্দকার সোমবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুপুরে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে ফাঁড়িতে নিয়ে আসা হয়। সম্প্রতি রেলপথের মাধবপুরের নোয়াপাড়া এলাকায় রেল লাইনের ওপর থেকে শিপন, রুহুল আমীন কালোর, বুটলা নামে তিনজনের মৃতদেহ উদ্ধার করা হয়।

এ ব্যাপারে পৃথক তিনটি মামলা হয়। এরই মধ্যে একটি হত্যা মামলার বাদী হন রুহুল আমীন কালোর আত্মীয় আব্দুল মতিন। এ মামলার অন্যতম আসামি গ্রেফতারকৃত শাহজাহান ও কাজল।

এদিকে স্বজনরা দাবি করেছেন তাদেরকে ষড়যন্ত্র করে এ মামলায় আসামি করা হয়েছে। অপরদিকে এ মামলার বাদী আব্দুল মতিন বলেন, আসামিরা বহু অপকর্মের হোতা। তিনি তাদের শাস্তি কামনা করেন।

এমকে