বান্দরবানের লামায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে কাওছার (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার বিকালে লামা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
কাউছার লামা পৌর এলাকার নয়াপাড়া গ্রামের কামাল উদ্দিনের ছেলে।
স্কুলছাত্রীর পরিবার জানায়, মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) লামামুখ উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির এক ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে কক্সবাজারের চকরিয়া উপজেলায় নিয়ে যায় কাওছার। সেখানে এক আত্মীয়ের বাড়িতে নিয়ে তাকে একাধিকবার ধর্ষণ করে।
শুক্রবার বিকালে ছাত্রীটি অসুস্থ হয়ে পড়লে তাকে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় কাওছার। পরে, ঘটনার খবর পেয়ে স্থানীয়রা কাওছারকে আটকের পর পুলিশে সোপর্দ করে।
এ ঘটনায় ধর্ষিতার বাবা বাদী হয়ে অপহরণের পর ধর্ষণের অভিযোগ এনে নারী ও শিশু নির্যাতন আইনে লামা থানায় একটি মামলা দায়ের করেন।
লামা থানার অফিসার ইন চার্জ (ওসি) সিরাজুল ইসলাম জানান, এ ঘটনায় নারী শিশু নির্যাতন আইনে একটি মামলা হয়েছে।
ঢাকা, ১২ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ





