রাজধানীর মিরপুরে অভিযান চালিয়ে ১০ কোটি টাকার জাল স্ট্যাম্প উদ্ধার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি।
শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ অভিযান চালানো হয়। সিআইডির মিরপুর ইউনিটের এসআই আব্দুল লতিফ বিষয়টি নিশ্চিত করেন। তবে এঘটনায় কাউকে আটক করা হয়নি।
এসআই লতিফ জানান, দারুস সালাম থানাধীন মিরপুর মাজার রোডের লালকুঠি এলাকায় অভিযান চালিয়ে একটি বাড়িতে ছাপা কারখানার খোঁজ মেলে। ওই কাখানায় অভিযান চালিয়ে জাল স্ট্যাম্প উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত স্ট্যাম্পের মধ্যে রয়েছে রেভিনিউ, জুডিশিয়াল ও ননজুডিশিয়াল। উদ্ধারকৃত জাল স্ট্যাম্প গণনা করে এপর্যন্ত ১০ কোটি টাকার স্ট্যাম্প পাওয়া গেছে।
গত ১৯ জুন ভোরে দারুস সালামের লালকুঠির সি/১২৫ নম্বর বাসায় অভিযান চালিয়ে ১৭ কোটি ৫৫ লাখ ৫৪ হাজার টাকার জাল স্ট্যাম্প উদ্ধার করা হয়। এ সময় জাল স্ট্যাম্প তৈরি করে বিক্রির অভিযোগে বুলবুলকে আটক করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয় বলে জানান লতিফ।
জেআই





