নড়াইল জেলার নোয়াগ্রাম ইউনিয়নের দেবী গ্রামের চাঞ্চল্যকর মামুন হত্যা মামলার এজাহার ভুক্ত আসামী রাজন খন্দকারকে বৃহস্পতিবার গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারের পর অভিযুক্ত রাজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেছে। আদালতে জবানবন্দী দেয়ার ফলে চাঞ্চল্যকর এই হত্যা মামলার রহস্য সহসাই উদঘাটিত হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা ।

নড়াইল পুলিশ সূত্রে জানা গেছে , গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানার এস আই ও মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) বিকাল ৩টার দিকে নোয়াগ্রাম ইউনিয়নের দেবী গ্রামের জোটকের বিল এলাকা থেকে মামুন হত্যা মামলার আসামী রাজন খন্দকার (২১) কে গ্রেফতার করে।

পরে তাকে নড়াইলের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নয়ন বড়ালের আদালতে হাজির করা হয় এবং আদালতে আটক রাজন খন্দকার, নিহত মামুন মোল্লা হত্যাকান্ডে জড়িত থেকে অপর জড়িতদের বিষয়েও ১৬৪ ধারায় জবানবন্দী প্রদান করে। উল্লেখ্য, নড়াইলের লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের দেবী গ্রামের ইকবার মোল্যার ছেলে মামুন মোল্যা গত ১৫ নভেম্বর বিকালে নিজ বাড়ী থেকে বের হয় এবং সন্ধ্যার পর থেকে সে নিঁখোজ হয়।

এ সময় তার ব্যবহ্নত মোবাইল ফোনটিও বন্ধ ছিল। নিখোঁজের তিন দিন পর ১৭ নভেম্বর মামুনের বাড়ীর পাশের ধান ক্ষেত থেকে তার ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। থানার অফিসার ইনচার্জ মো: জাহাঙ্গীর আলম, বলেন, এ ঘটনায় মামুনের পিতা ইকবার মোল্লা বাদী হয়ে ১৫ জনকে আসামী করে লোহাগড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

উজ্জ্বল রায়/এআই