ফরিদপুরে অটোমেটিক একটি বিদেশি পিস্তলসহ রাজীব শেখ (২৪) নামের এক তরুণকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের ফেরদৌসী কিন্ডারগার্টেনের পাশ থেকে রাজীবকে গ্রেফতার করে ফরিদপুর কোতোয়ালি থানার পুলিশ। তার কাছ থেকে বিদেশি পিস্তল ছাড়াও দু’টি গুলিভর্তি একটি ম্যাগজিন উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত রাজীব কানাইপুরের লক্ষীপুর গ্রামের বাসিন্দা।
ফরিদপুর কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাজীবকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র, ছিনতাইসহ পাঁচটি মামলা রয়েছে।
রোববার তার নামে অস্ত্র আইনে আরেকটি মামলা দায়ের করা হয়েছে।
এসএইচ





