হজ এজেন্সিজ এ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) দ্বি-বার্ষিক (২০১৫-১৭) নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতায় জয়লাভ করেছে বর্তমান সভাপতি মোহাম্মদ ইব্রাহিম বাহারের নেতৃত্বাধীন গণতান্ত্রিক ফোরাম। ২৭টি কার্যনির্বাহী পদের মধ্যে ২৫টিতেই জয় পেয়েছে গণতান্ত্রিক ফোরাম। অন্য দুইটিতে জয় পেয়েছে সৈয়দ গোলাম সরোয়ারের নেতৃত্বাধীন সম্মিলিত পরিষদ প্যানেল।
বৃহস্পতিবার ভোর ৫টার দিকে হারুনর রশিদের নেতৃত্বাধীন তিন সদস্যের হাবের নির্বাচন পরিচালনা বোর্ড বিজয়ীদের নাম ঘোষণা করেন। এর আগে, রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশনে বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলে। মোট এক হাজার ১২৯জন ভোটারের মধ্যে ৯২১জন ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে গণতান্ত্রিক ফোরামের ইব্রাহিম বাহার সর্বোচ্চ ৫৮৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এ প্যানেলে নির্বাচিত অন্যরা হলেন- বর্তমান মহাসচিব শেখ আব্দুল্লাহ, আফতাব উদ্দিন চৌধুরী, ফরিদ আহমেদ মজুমদার, সায়েম মোহাম্মদ হাসান, এম এন এইচ খাদেম দুলাল, মুহাম্মদ আমিনুল হক, মুহাম্মদ আবু সালেহ রাজী (জাভেদ), এ এন এম জিয়াউল হক মজুমদার, ফজলুল ওয়াহাব মামুন, সৈয়দ গোলাম সরওয়ার, মোজাম্মেল হোসেন কামাল, মাওলানা মোঃ তাজুল ইসলাম আশরাফী, হাফেজ নূর মোহাম্মদ , মোহাম্মদ মোছলেহ উদ্দিন, মোহাম্মদ হেলাল, মোহাম্মদ আবু বকর সিদ্দিকী, আলহাজ মোঃ মিজানুর রহমান ভূইয়া, মোঃ সোলাইমান, মুহাম্মদ কাফীলুদ্দিন সরকার, আলহাজ মোহাম্মদ আজাদ, আবুল কাশেম, আজহারুল ইসলাম চৌধুরী, আব্দুল মালেক, মনসুর আলী খান, আজহারুল কবীর চৌধুরী সাজু ও আব্দুল হক।
অন্যদিকে দিকে সৈয়দ গোলাম সরওয়ারের নেতৃত্বাধীন সম্মিলিত পরিষদ প্যানেলের সৈয়দ গোলাম সরোয়ার ৫১১ ভোট ও মুহাম্মদ কাফীলুদ্দিন সরকার ৪৭৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
হাবের কার্যনির্বাহী পরিষদের সদস্য পদে ২৭টি, ঢাকা আঞ্চলিক কমিটির ১৩টি, চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সাতটি ও সিলেট আঞ্চলিক কমিটির সাতটিসহ মোট ৫৪টি পদে নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচিতদের মধ্য থেকে আগামী রবিবার হাব কার্যনির্বাহী পরিষদ গঠন করা হবে।
জেআই





