আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, মিডিয়া যাচাই বাচাই না করে সংবাদ প্রচার করছে। মিডিয়াকে দায়িত্বশীল হতে হবে। তাহলে আত্মগোপনে থেকে কেউ কর্মসূচি ঘোষনা করতে পারবে না। জনগণের স্বার্থে ধ্বংসাত্বক খবর প্রচার না করা উচিৎ।

সোমবার বেলা ১২টায় কালেক্টরেট চত্বরে কৃষি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

হানিফ বলেন, তথ্য প্রযুক্তির যুগে পৃথিবীর যে কোন জায়গা থেকে প্রেস রিলিজ দেয়া যায়। কেউ যদি বিদেশে পালিয়ে থেকে প্রেস রিলিজ পাঠায় তাহলে তো তাকে বিদেশ থেকে ধরে আনা সহজ ব্যাপার না।

সাংবাদিকদের ভূমিকা নিয়ে হানিফ বলেন, কেউ কোথা থেকে ফোন করলো অথবা ফ্যাক্স করলো, আর সঙ্গে সঙ্গে সেই নিউজটা মিডিয়া প্রচার করলো এটা ঠিক না, মিডিয়া যাচাই বাচাই না করে প্রচার করছে।

তিনি বলেন, পেট্রল বোমা মেরে মানুষ পুড়িয়ে হত্যা করে সাময়িকভাবে কিছুটা জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করা যেতে পারে। কিন্তু এটা দীর্ঘ সময় ধরে করা সম্ভব নয়। জনগণই এই হরতাল-অবরোধকে প্রত্যাখ্যান করেছে। তাই আমাদের নতুন করে কোনো ভাবনা নেই। জনগণ এই হরতাল-অবরোধ মানে না। জনগণের সাথে সম্পৃক্ততা নেই এমন কর্মসূচি সফল হবে না তা আরেকবার প্রমাণিত হয়েছে।

কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক আবু হেনা মোস্তফা কামালের সভাপতিত্বে এসময় কুষ্টিয়া জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কিংকর চন্দ্র দাস, জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, সহ-সভাপতি হাজি রবিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আবু বক্কর সিদ্দিক, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা ফজলুর রহমান, কুষ্টিয়া সদর উপজেলা কৃষি কর্মকর্তা প্রবীর কুমার বিশ্বাস উপস্থিত ছিলেন।

এমকে