করোনাভাইরাসের কারণে নারায়ণগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠান খোলা ও বন্ধ রাখা নিয়ে তর্কে জড়িয়ে শরীফ হোসেন (২৬) নামে এক ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা করেছে স্থানীয় কয়েকজন যুবক।
বুধবার (০১ এপ্রিল) বেলা ১১টার দিকে ফতুল্লার দেওভোগ আদর্শনগর এলাকায় শ্যামলের রিকশা গ্যারেজের সামনে এই ঘটনা ঘটে।
নিহত শরীফ দেওভোগ শেষমাথা আদর্শনগর এলাকার আলাল মাদবরের ছেলে। তিনি আদর্শনগর এলাকায় দোকান ঘর ভাড়া নিয়ে ইলেকট্রিক ও হার্ডওয়্যার পণ্যের ব্যবসা করতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, শরীফ সকালে তার ব্যবসা প্রতিষ্ঠান খুলে বসেছিলেন। এ সময় স্থানীয় যুবক লিমন, রাব্বি ও শাকিলসহ কয়েকজন এসে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করতে বলেন। এ নিয়ে উভয়ের মধ্যে তর্ক হয়। একপর্যায়ে তারা শরীফকে মারধরের পর ছুরিকাঘাত করে। এ সময় শরীফ মাটিতে লুটে পড়লে যুবকরা পালিয়ে যায়। পরে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় লোকজন শহরের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ ওই হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে।
ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন জানান, তদন্ত চলছে। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।
এমবি





