রাজধানীর বিজয় সরণি থেকে ছো মেরে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের মোবাইল ফোন নিয়ে গেছে ছিনতাইকারী।
মঙ্গলবার (০১ জুন) একনেক সভা শেষে ব্রিফিংয়ের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি তার মোবাইল ছিনতাইয়ের ঘটনাটি বর্ণনা করেন।
কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিমুজ্জামান জানান, ছিনতাইয়ের ঘটনায় মামলা করেছেন মন্ত্রীর পিএস।
ওসি সেলিমুজ্জামান বলেন, পরিকল্পনামন্ত্রী অফিস শেষ করে বিজয় সরণি হয়ে বাসায় ফিরছিলেন। সেখানে মন্ত্রীর গাড়িবহর জ্যামে আটকে ছিল। গাড়ির গ্লাস নামিয়ে ফোনে কথা বলা অবস্থায় তার ফোনটি ছিনিয়ে নিয়ে যায় এক ছিনতাইকারী।
একনেক সভা শেষে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জানা যায়, একজন সাংবাদিক একাধিকবার ফোন করলেও ফোন না ধরার কারণ জানাতে গিয়ে প্রসঙ্গক্রমে মন্ত্রীর মোবাইল ফোন ছিনতাই হওয়ার বিষয়টি উঠে আসে।
সাংবাদিকদের সঙ্গে গল্প করে পরিকল্পনামন্ত্রী বলেন, রবিবার সন্ধ্যায় রাজধানীর বিজয় সরণীতে ছো মেরে মোবাইল ফোনটা নিয়ে গেছে। ছেলেটা (মন্ত্রীর ছেলে) আমেরিকা থেকে এক হাজার ডলার দিয়ে কিনে পাঠিয়েছে। গাড়িতে পতাকাও ছিল। এ সময় মন্ত্রীর গাড়ির গ্লাস খোলা ছিল বলে তিনি উল্লেখ করেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে মোবাইলের আইএমই নম্বর দেওয়া হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
এমবি





