শিল্পমন্ত্রীর বেধে দেওয়া ৭২ ঘণ্টার মধ্যে হাজারীবাগ থেকে ট্যানারি স্থানান্তর করা সম্ভব নয়- বলে জানিয়েছেন বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের (বিটিএ) সভাপতি শাহীন আহমেদ।

রোববার দুপুরে শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর নির্দেশনার পরে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় শাহীন আহমেদ এ কথা জানান।

তিনি বলেন, ‘সাভারের চামড়াশিল্প নগরীর কেন্দ্রীয় বর্জ পরিশোধনাগার (সিইটিপি) নির্মাণ কাজ এখনো চলছে। সেখানে স্থানান্তর হওয়ার পরিবেশ এখনো তৈরি হয়নি।’

মন্ত্রীর নির্দেশনা অনুযায়ী, ৭২ ঘণ্টার মধ্যে হাজারীবাগ থেকে ট্যানারি স্থানান্তর না করলে চামড়া কারখানাগুলো বন্ধ করে দেওয়া হবে। এ প্রসঙ্গে বিটিএ সভাপতি বলেন, ‘আমরা (চামড়া শিল্প মালিকরা) সরকারের সঙ্গে আলাপ-আলোচনা চালিয়ে যাচ্ছি।’

রোববার দুপুরে শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে চলতি ২০১৫-১৬ অর্থবছরে শিল্পখাতের উন্নয়নে সরকার গৃহীত বিভিন্ন প্রকল্পের কার্যক্রম মূল্যায়নের লক্ষ্যে সংশ্লিষ্ট প্রকল্প পরিচালক ও সংস্থার প্রধানদের সভায় মন্ত্রী এ নির্দেশ দেন।

এসএইচ