৩২ ধারা চালু হলে গণমাধ্যমের স্বাধীনতা খর্ব হবে উল্লেখ করে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেন, ৩২ ধারা ৫৭ ধারার চেয়েও ভয়ঙ্কর।

৫৭ ধারায় আমাকে চার বছর কারাভোগ করতে হয়েছে। সে মামলায় এখনও পর্যন্ত চার্জশিট দেয়া হয়নি। তিনি আরো বলেন, ভোটারবিহীন সরকার দুর্নীতিবাজ এমপি-মন্ত্রীদের বাঁচাতে ৩২ ধারার মতো ভয়ঙ্কর ধারা চালু করতে চাচ্ছে।

সোমবার বেলা সাড়ে ১১টায় খাগড়াছড়ি চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: জয়নাল আবেদীনের আদালতে মানহানী মামলায় উচ্চ আদালত থেকে অন্তবর্তীকালীন জামিনের জামিননামা জমা দিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, দেশের স্বাধীনতা বিসর্জন দিয়ে অবৈধ ভাবে ক্ষমতায় থাকতে আওয়ামীলীগ সরকার দিল্লির কাছে স্বাধীনতা বিসর্জন দিয়েছে। দেশে অগণতান্ত্রিক শাসন ব্যবস্থার চর্চা চলছে। ভিত্তিহীন অভিযোগে সরকারের সাজিয়ে দেয়া রায়ে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে ৫ বছর কারাদণ্ড দেয়া হয়েছে।

এসময় শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করে আনতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে তিনি বলেন, নির্বাচনের আগেই দখলদার সরকারকে শান্তিপূর্ণ আন্দোলনের মধ্য দিয়ে উৎখাত করে নিরপেক্ষ তত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করে জনগণের ভোটারাধিকার পুন:প্রতিষ্ঠা করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয়দ সহ প্রচার সম্পাদক শামীমুর রহমান শামীম, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আফজাল আহমদ, এডভোকেট মালেক মিন্টু, এডভোকেট মন্জুর মোর্শেদ প্রমুখ।

বকর/এএস