ফেনীর ফুলগাজী উপজেলার মুন্সিরহাট এলাকা থেকে আবদুর রহিম (৩৫) নামে এক অটোরিকশা চালকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকালে ফুলগাজীর রেললাইন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

আবদুর রহিমের বাড়ি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জে। তিনি ফেনী শহরের মাস্টার পাড়ার একটি বাসায় পরিবার নিয়ে ভাড়া থাকতেন।

ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কুতুব উদ্দিন জানান, আবদুর রহিম সিএনজি চালিত অটোরিকশা চালানোর পাশাপাশি দিনমজুর হিসেবে কাজ করতেন। সোমবার সকাল ৬টার দিকে তিনি ফেনী সদর হাসপাতাল মোড় থেকে নিখোঁজ হন। এরপর অনেক খুঁজেও তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। পরে মঙ্গলবার সকালে মুন্সিরহাট এলাকায় তার গুলিবিদ্ধ লাশ দেখে ফুলগাজী থানায় খবর দেন স্থানীয় গ্রাম পুলিশ। সকালে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। কে বা কারা কেন তাকে হত্যা করেছে তা খতিয়ে দেখা হচ্ছে।

এসএম