চট্টগ্রাম বন্দরে শুভেচ্ছা সফরে ভারতীয় নৌবাহিনী ও কোস্টগার্ডের তিনটি প্রশিক্ষণ জাহাজ এসেছে।

জাহাজগুলো হল- আইএনএস তীর, আইএনএস কেসরি ও আইসিজিএস বরুণা। জাহাজগুলো বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম বন্দর জেটিতে এসে পৌঁছে।

নৌ-বাহিনীর পূর্বাঞ্চলের স্টাফ কমান্ডার শামীম মোহাম্মদ খান জানান, এ সময় জাহাজ তিনটিকে নৌবাহিনীর বাদক দল ও জাহাজ সাঙ্গু স্বাগত জানায়।

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার ও নৌবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শুভেচ্ছা সফরে আসা ভারতীয় নৌবাহিনীর জাহাজ তিনটিতে প্রশিক্ষণার্থীসহ ২৮৫ কর্মকর্তা ও ৫৬০ জন নাবিক রয়েছেন। শুভেচ্ছা সফর শেষে ২২ মার্চ জাহাজ তিনটির বাংলাদেশ ছেড়ে যাওয়ার কথা রয়েছে।

তিনি জানান, সফরকালে জাহাজ তিনটির অধিনায়করা চট্টগ্রাম নৌ-অঞ্চলের আঞ্চলিক অধিনায়কদের সঙ্গে বৈঠক করবেন।

সফরের অংশ হিসেবে বাংলাদেশ নৌ-জাহাজ শহীদ মোয়াজ্জেমসহ নৌ-বাহিনীর বিভিন্ন জাহাজ, বাংলাদেশ নেভাল একাডেমিসহ বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করবেন।

এ ছাড়া সফরকারী জাহাজের কর্মকর্তা ও নাবিকরা চট্টগ্রামের বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করবেন।

এআর