ঢাকাস্থ মার্কিন দূতাবাসের সহযোগিতা এবং ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) পৃষ্ঠপোষকতায় ‘মেজর কেস ম্যানেজমেন্ট’ শীর্ষক দুই সপ্তাহব্যাপী প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান ও সনদপত্র বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশ -এর ইন্টারন্যাশাল কনফারেন্স সেন্টারে এটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা।
পুলিশ স্টাফ কলেজের রেক্টর ফাতেমা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন রাষ্ট্রদূত ড্যান মজীনা। ঢাকাস্থ মার্কিন দূতাবাসের কর্মকর্তাবৃন্দ, পুলিশ স্টাফ কলেজের অনুষদ সদস্যবৃন্দ এবং বাংলাদেশ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণ কোর্সে বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের বিভিন্ন পদমর্যাদার ২৭ কর্মকর্তা অংশগ্রহণ করেন এবং সফলতার সঙ্গে প্রশিক্ষণ সমাপ্ত করেন।
প্রধান অতিথির বক্তব্যে মার্কিন রাষ্ট্রদূত বলেন, এ ধরণের প্রশিক্ষণ আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ, জঙ্গি তৎপরতা নিয়ন্ত্রণ, তদন্ত সংক্রান্ত জিজ্ঞাসাবাদ, হোয়াইট কলার ক্রাইম, ট্রান্সন্যাশনাল ক্রাইম, মানি লন্ডারিং ইত্যাদি ক্ষেত্রে তদন্ত করার জন্য প্রশিক্ষণার্থীদের সক্ষম করে তুলবে।
তিনি প্রশিক্ষণ সফলতার সঙ্গে আয়োজনের ক্ষেত্রে সহযোগিতার জন্য বাংলাদেশ সরকার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ হেডকোয়ার্টার্স ও পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশকে ধন্যবাদ জানান।
মজীনা বলেন, বাংলাদেশের মানুষ নূন্যতম মৌলিক চাহিদা পূরণ করতে পারলেই খুব খুশি হয়, বাংলাদেশের মানুষ অত্যন্ত ভাল এবং বন্ধুবৎসল। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, বাংলাদেশ একদিন সোনার বাংলাতে রূপান্তরিত হবে। তিনি বিশেষভাবে উল্লেখ করেন যে, বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সু-সম্পর্ক এবং বন্ধুত্ব দীর্ঘদিনের। বৈশ্বিক ইস্যুগুলো এবং চাপ মোকাবেলার ক্ষেত্রে এ ধরণের প্রশিক্ষণের আয়োজনের আবশ্যকতা রয়েছে।
সভাপতির বক্তব্যে পুলিশ স্টাফ কলেজের রেক্টর, ফাতেমা বেগম দ্বিপাক্ষিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, এ প্রশিক্ষণ পেশাগত বিভিন্ন ইস্যূতে একক মনোভাব এবং পুলিশের সর্বোত্তম অনুশীলন ও চর্চায় আইনশৃঙ্খলা রক্ষাকারীদের সামর্থ এবং দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
জেআই





