বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাশে ঢাকা থেকে খুলনাগামী ‘সুন্দরবন এক্সপ্রেস’ ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার সবধরনের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

শুক্রবার (০৯ আগস্ট) দুপুর ১টা ৫০ মিনিটের দিকে সেতুর পূর্ব রেলব্রিজের কাছে এই ঘটনা ঘটে।

এই ঘটনায় উত্তরবঙ্গগামী ‘ধুতকেতু এক্সপ্রেস’ ট্রেন আটকা পড়েছে।

আজ থেকে শুরু হয়েছে ঈদের ছুটি। সড়ক, রেল ও নদীপথে ঘরে ফেরা মানুষের ঢল নেমেছে। যাত্রীদের চাপে ইতোমধ্যেই ট্রেনের সিডিউল বিপর্যয়ের খবর পাওয়া যাচ্ছে। দেরিতে ছাড়ছে বেশিরভাগ ট্রেন। এরইমধ্যে এই দুর্ঘটনা সেই দুর্ভোগের চিত্র আরও বাড়িয়ে দেবে বলে ধারণা করা হচ্ছে।

রেলওয়ে সূত্র জানিয়েছে, ঢাকা থেকে খুলনাগামী ৭২৬ সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি বিপুলসংখ্যক যাত্রী নিয়ে বঙ্গবন্ধু সেতুতে ওঠার প্রায় এক কিলোমিটার আগে ট্রেনের ‘ছ’কোচের একটি বগি লাইনচ্যুত হয়।

বঙ্গবন্ধু সেতু পূর্ব রেল স্টেশনের স্টেশন মাস্টার রেজাউল করিম বলেন, “উদ্ধার কাজ চলছে। আশা করছি, দ্রুত সময়ের মধ্যে রেল যোগাযোগ আবার চালু হবে।”

এমবি