রাজধানীর কমলাপুরে ছিনতাইকারীদের গুলিতে আহত ব্যবসায়ী মোস্তফা কামাল (৫৫) মারা গেছেন।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত ২টার দিকে তিনি মারা যান।
মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) ওমর ফারুক ব্যবসায়ীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, লালবাগের বাসা থেকে চট্টগ্রাম যাওয়ার উদ্দেশে রবিবার দুপুরে ব্যবসায়ী মোস্তফা কামাল রিকশাযোগে কমলাপুর আসেন। রিকশাটি রেলস্টেশনের পাশের ৬ নম্বর বাসস্ট্যান্ডে এলে ৬-৭ জন ছিনতাইকারী তাকে ঘিরে ফেলে। এ সময় তারা ব্যবসায়ীকে গুলি করে ৫০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়।
মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করেন।
নিহত ব্যবসায়ী লালবাগের চুরিহাট্টার ৩৭ নম্বর হায়দারবক্স লেনের বাসিন্দা। তিনি এমটি ইন্টারন্যাশনাল নামে একটি প্লাস্টিক কারখানার মালিক ছিলেন।
ঢাকা, ২২ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই





